
2025-08-13 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 322
মালদা: কালিয়াচক-৩ ব্লকের কুম্ভীরা অঞ্চলের পারদেয়ানাপুর এলাকায় গঙ্গার জল বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পরিদর্শনে যান কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য মোহাঃ কুরবান সেখ। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সাবিরুল ইসলাম। তারা গ্রামে গ্রামে ঘুরে প্লাবিত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও সমস্যার খোঁজখবর নেন। মোহাঃ কুরবান সেখ বলেন, “আগেই জলের মাত্রা বেশি ছিল। মাঝখানে কিছুটা কমলেও গত দুই-তিন দিনের টানা বৃষ্টি ও বিহারের জল ঢুকে পড়ায় বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত পারদেয়ানাপুর ও আশপাশের কয়েকটি গ্রাম জলে ডুবে গেছে।” তিনি আরও জানান, স্থানীয়দের তীব্র ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের অভাব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের দ্রুত টিউবওয়েল স্থাপন ও অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
