
2026-03-25 | রাজ্য, মালদা | Kaliachak Sangbad | Views : 2220
এই মুহূর্তে মালদা থেকে বড় খবর উঠে আসছে । ভোটের প্রাক্কালে মালদায় একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার! তিন-তিনটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন ধরা পড়ল মালদার চাঁচল থানার পুলিশের জালে। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতি দিয়ে, জানালেন, হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদা জেলা পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং-এর ব্যবস্থা করেছে। নাকা চেক পয়েন্ট বসেছে মালদার চাঁচল থানার বাংলা-বিহার সীমান্তবর্তী নারকুটিয়া এলাকাতেও। সেই চেক পয়েন্টেই মঙ্গলবার রাতে বিহারের বাসীন্দা পাঁচ জন সন্দেহ ভাজনকে পুলিশ আটক করে তল্লাশি অভিযান চালায়। ওই সময় তাদের হেপাজত থেকে উদ্ধার হয় তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র। যারমধ্যে দুটি পাইপগান এবং একটি সেভেন এম.এম পিস্তল রয়েছে। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতদের নাম যথাক্রমে সুকদেব সাহা, অমিত কুমার সাহা, গণেশ মহালদার, মহম্মদ রিয়াজুল এবং মহম্মদ রমন। তারা সকলেই বিহারের বাসীন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তারা বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে এর পেছনে আর অন্যকোন উদ্দেশ্যে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মালদা জেলা পুলিশ।