
2026-04-25 | দেশ,বাংলাদেশ ,খবর,দুনিয়া , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 397
নির্বাচনের রাতে ও শুক্রবার ভোরে মালদার ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। নির্বাচনের সময় সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালানোর সময় তাদের আটক করা হয় বলে বিএসএফ সূত্রে জানা গেছে। জানা গিয়েছে, হবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৮৮ নম্বর ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানরা ডিউটি চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিনজনকে আটক করেন। ধৃতরা ভিন রাজ্যে কাজ করার পর বাংলাদেশে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার দুপুরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বিএসএফ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ শেষে তাদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ধৃতদের নাম মামুন সেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কুমারপুর এলাকায় বলে জানা গেছে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও কিছু ভারতীয় টাকা উদ্ধার হয়েছে।