
2026-07-01 | পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 14
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করা দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড়ের ফুলবাড়ী গ্রামের কৃতি কন্যা তাহুরা খাতুনকে আজ মানবতা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (SAI)-এর সল্টলেক যুব ক্রীড়াঙ্গন কমপ্লেক্সে। তাহুরা খাতুন সম্প্রতি Hong Kong-এ অনুষ্ঠিত 22nd Asian U-20 Athletics Championship-এর Women 4×400 Meter Relay ইভেন্টে স্বর্ণপদক জয় করে ভারতকে গৌরবান্বিত করেছেন। তাঁর এই অসাধারণ আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মানবতা সংস্থার পক্ষ থেকে তাঁকে 'মানবতা সম্মাননা' প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা, সংস্থার সদস্য সুজাউদ্দিন মোল্লা এবং সাকিলুর হিরক। অনুষ্ঠানে তাহুরা খাতুনকে উত্তরীয়, ব্যাজ, পুষ্পস্তবক পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা মানপত্র এবং 'মানবতা সম্মাননা' স্মারক (মেমেন্টো)। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড়ের ফুলবাড়ী গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তাহুরা খাতুন। পিতা মীর তৈয়েব আলি একজন কৃষিজীবী। সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি সল্টলেকের SAI Complex-এ প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি Adamas University-এ Political Science (Honours), Semester-II-এ পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা বলেন, "তাহুরার মতো প্রতিভাবান ক্রীড়াবিদরা দেশের গর্ব। তাঁদের পাশে সমাজ ও সরকারের আরও দৃঢ়ভাবে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ আরও উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, মানবতা সংস্থা সবসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মানুষদের সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই তাহুরা খাতুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তাঁর হাত ধরে ভারতের আরও সাফল্য আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
