
2026-07-31 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 14
মালদহ: সুদে টাকা ধার নিয়ে সময়ে মেটাতে না পারায় অপহরণ, মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। মালদহে ইংরেজবাজারে বেসরকারি অর্থলগ্নী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে উদ্ধার অপহৃত ব্যক্তি। অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তরা। জানাগিয়েছে, মালদহের ইংরেজবাজারের বুড়াবুড়িতলার বাসিন্দা গোপাল ধরের, স্ত্রী টুম্পা ধর বেসরকারি অর্থলগ্নী সংস্থার কাছ থেকে মাস তিনেক আগে ৩৫ হাজার টাকা ধার নেন। প্রতি সপ্তাহে ১৭০০ টাকা করে মেটানোর কথা ছিল। এক সপ্তাহ টাকা না দিলে জরিমানা ধার্য্য করা হতো পাঁচশো (৫০০) টাকা। অভিযোগকারী টুম্পা ধরের দাবি, আর্থিক অসুবিধের কারণে তিন সপ্তাহ টাকা মেটাতে পারেননি তাঁরা। এরপরে প্রথমে টেলিফোনে হুমকি দেওয়া শুরু হয়। পরে দিনদু'য়েক আগে স্বামী গোপাল ধর বাড়ি ফেরার সময় তাঁকে অপহরণ করে অর্থলগ্নী সংস্থার লোকজন। তাঁকে তুলে নিয়ে গিয়ে গোপালপুর এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়। এরপর পরিবারের লোককে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এমনকি টাকা মেটাতে সমস্যা রয়েছে বলে জানালে স্ত্রী এবং মেয়েকে কু:প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। প্রথমে পুলিশ সেভাবে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। পরে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ীর হস্তক্ষেপে সক্রিয় হয় পুলিশ। গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার করা হয় অপহৃতকে। যদিও তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে দাবি। মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অর্থলগ্নী সংস্থার ঘনিষ্ঠদের দাবি, টাকা লেনদেন সংক্রান্ত সরকারি অনুমতি রয়েছে সংস্থার। যদিও অপহরণ ও মারধরের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
