
2026-08-08 | মালদা,পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 9
*মগরাহাটে পুলিশের ‘সংযোগ’ কর্মসূচি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ* *বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:-* সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও শক্তিশালী করা এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনার লক্ষ্যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে ‘সংযোগ’ কর্মসূচি অনুষ্ঠিত হল মগরাহাট থানার এলাকায়। পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকাতেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হচ্ছে। অনুষ্ঠানে সাইবার প্রতারণা নিয়ে বিশেষভাবে সচেতন করা হয় সাধারণ মানুষকে। কীভাবে অনলাইন প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়, অপরিচিত ফোন, লিঙ্ক বা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত—তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), এসডিপিও, সিআই, মগরাহাট থানার ওসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। ‘সংযোগ’ কর্মসূচিতে এলাকার ১১৪ জন সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ পুলিশের কাছে তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সমস্যাগুলি শোনা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পুলিশ সুপার জানান, সাইবার প্রতারণার পাশাপাশি বিবাহিত মহিলা ও বয়স্ক ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন ধরনের সমস্যার কথা উঠে এসেছে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাঁদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আরও শক্তিশালী জনসংযোগ তৈরি করা।
