
2026-08-15 | সম্পাদকীয় , মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 13
স্বাধীনতা দিবসে পুরাতন মালদার মোহনবাগান মাঠে ফুটবল উন্মাদনা, ফাইনালে জমজমাট লড়াই ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও পুরাতন মালদার মোহনবাগান বিদ্যুৎ সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্টের অন্তিম দিনে জমজমাট পরিবেশের সাক্ষী থাকল পুরাতন মালদার মোহনবাগান মাঠ। শনিবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। খেলা ঘিরে এদিন সকাল থেকেই মাঠে ফুটবলপ্রেমীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মোহনবাগান বিদ্যুৎ সংঘের উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। তিন দিন ধরে চলা প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের ভিড় আরও বাড়তে থাকে। মাঠের চারপাশে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়। এদিনের ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি,মালদা থানার আইসি গোপাল বিশ্বাস,পুরাতন মালদার বিডিও অনিক রাই,পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী,মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পলিদাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বাধীনতা দিবসের আবহে ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে নগদ ৬০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। অন্যদিকে রানার্স দল পাবে ৩৫ হাজার টাকা নগদ ও ট্রফি। এছাড়াও প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এবং সেরা গোলকিপার-এর জন্য পৃথক ট্রফির ব্যবস্থা রাখা হয়েছে । স্বাধীনতা দিবস উপলক্ষে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে মোহনবাগান মাঠে ফুটবলকে ঘিরে যে উন্মাদনা দেখা যায়, তাতে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা।
