
2026-09-04 | শিরোনাম,পশ্চিমবঙ্গ, মালদা,Viral ,রাজ্য, | Kaliachak Sangbad | Views : 17
মালদায় প্রথমবার ‘উন্নত ভারত, উন্নত পশ্চিমবঙ্গ’ এক্সপো মেলা মালদায় প্রথমবার অনুষ্ঠিত হলো ‘উন্নত ভারত, উন্নত পশ্চিমবঙ্গ’ এক্সপো মেলা। শুক্রবার পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল মাঠে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রাই, সাংসদ খগেন মুর্মু-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের দাবি, উত্তরপ্রদেশ, গুজরাট, অসম ও ত্রিপুরায় ইতিমধ্যেই এই ধরনের এক্সপো মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর মালদায় এই প্রথমবার এমন এক্সপো মেলার আয়োজন করা হলো। মেলার মূল আকর্ষণ হিসেবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়এই এক্সপ্র মেলায়। সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে একাধিক প্রদর্শনী স্টল ও ইনস্টলেশন তৈরি করা হয়েছে। পাশাপাশি মালদা জেলার অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক্সপো মেলার বিভিন্ন স্টলে স্থান পেয়েছে মালদার বিখ্যাত আম ও আমজাত সামগ্রী। পাশাপাশি মাখনা ও রেশম শিল্পের বিভিন্ন সামগ্রী ও প্রদর্শনীও রয়েছে। জেলার ঐতিহ্য, সংস্কৃতি এবং পর্যটনের সম্ভাবনাও মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কৃষি, শিল্প, ক্ষুদ্র উদ্যোগ, পর্যটন এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনাকে আরও বিকশিত করার পাশাপাশি জেলার বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরির লক্ষ্যেই এই এক্সপোর আয়োজন বলে উদ্যোক্তাদের দাবি। সাধারণ মানুষের মধ্যেও মেলা ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত সাহাপুর হাইস্কুল মাঠে চলবে ‘উন্নত ভারত, উন্নত পশ্চিমবঙ্গ’ এক্সপো মেলা।
