
2026-09-05 | শিরোনাম,পশ্চিমবঙ্গ, মালদা,Viral ,খবর,রাজ্য, | Kaliachak Sangbad | Views : 13
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আগস্ট মাসে ৮৯ শিশুর মৃত্যুর, সরানো হলো সুপার তথা এম এস ভিপিকে। মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি আগস্ট মাসে ৮৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্যের বিশেষজ্ঞ দল। তাদের রিপোর্টের ভিত্তিতে সরানো হলো সুপার তথা এম এস ভিপি প্রসেনজিৎ বরকে। গত শনিবার ৪ সদস্যের বিশেষজ্ঞ দল মালদা ঘুরে যান। এই দলের চেয়ারম্যান ছিলেন চিকিৎসক প্রলয় আচার্য। উল্লেখ্য আগষ্ট মাসে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৯ শিশুর মৃত্যু হয়। যা স্বাভাবিক ঘটনা নয়, বলে জানিয়ে বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান প্রলয় আচার্য। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। শিশু মৃত্যুর নেপথ্যে একাধিক কারণ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম অপুষ্টি। এছাড়াও জন্মের পর শ্বাসকষ্ট, হৃদরোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানো শিশুদের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। প্রতিটি ঘটনার চিকিৎসা সংক্রান্ত নথি ও রিপোর্ট বিস্তারিতভাবে পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল। চিকিৎসক প্রলয় আচার্যের দাবি করেছিলেন, জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি রয়েছে। পাশাপাশি পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু অভাব লক্ষ্য করা গিয়েছে। এসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে। রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এই ঘটনার ৭ দিনের মধ্যেই বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। প্রিন্সিপাল প্রার্থপ্রতীম মুখোপাধ্যায় জানিয়েছেন স্বাস্থ্য ভবনের রিপোর্ট এসেছে। কিছু রদবদল হয়েছে। জান গেছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে ইএনটি বিভাগের এইচও ডি গণেশ চন্দ্র গায়েন কে। অন্যদিকে মালদা মেডিকেল কলেজের শিশু বিভাগের এইচওডি সুষমা সাওকে সরিয়ে তার বদলে আনা হলো কলকাতার এনআরএস মেডিকেল কলেজ থেকে বিশ্বনাথ বসুকে।
