
2026-09-06 | পশ্চিমবঙ্গ,উত্তর 24 পরগনা ,Viral , | Kaliachak Sangbad | Views : 96
*দেউলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির,প্রথম জন্মদিনে জনকল্যাণমূলক উদ্যোগে হাজির জি.আর.পি ও উস্থি থানার ওসি!* প্রিয় জারিনের প্রথম শুভ জন্মদিন উপলক্ষে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেউলায় আয়োজন করা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। দেউলা ১ নম্বর স্টেশনের পিছনে লালটু মিদ্দের নিজ বাসভবনে এই শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসক ডাঃ মেজবা উদ্দিনের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষ পরিষেবা গ্রহণ করেন। শিবিরে এক শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। চোখের সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্থি থানার ওসি রাহুল কুমার, ডায়মন্ড হারবার জিআরপি থানার ওসি সুমন ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, সাংবাদিক শুভেন্দু ঘোষ, ভয়েস মডেল মিশন স্কুলের কর্ণধার নাজমুল হাসান মণ্ডল, ‘সবার খবর’ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, সাউথ সেন্ট্রাল ন্যাশনাল কেজি স্কুলের কর্ণধার পৃথ্বীশ সামন্ত এবং সিপিডিআরএস ইন্ডিয়ার বিপ্লব ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের পক্ষ থেকে সফিউদ্দিন (লাল্টু) মিদ্দে জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জন্মদিনের আনন্দকে শুধুমাত্র ব্যক্তিগত উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের জন্য কাজে লাগানোর এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলেই। ডায়মন্ড হারবার জিআরপি থানার ওসি সুমন ঘোষ উদ্যোক্তা লাল্টু মিদ্দেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিষেবা গ্রহণের আহ্বান জানান। মানুষের সুস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এই উদ্যোগ এলাকায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
