
2026-09-07 | Viral ,উত্তর 24 পরগনা ,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 12
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- গার্ডেনরিচ কারাতে একাডেমির উদ্যোগে এবং মডার্ন শোতোকান কারাতে একাডেমি অফ ইন্ডিয়ার সহযোগিতায় খিদিরপুরের সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনির ইনডোর হলে অনুষ্ঠিত হল জাতীয় স্তরের “পঞ্চম শোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬”। প্রায় ৪০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ক্রীড়াবিদ ও গুণীজন। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা থেকে ইন্ডিয়ান ফেডারেশন অফ ট্র্যাডিশনাল শোতোকান কারাতের পক্ষ থেকে মোট ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে তাঁরা বাংলার জন্য মোট ৪৬টি পদক অর্জন করেন। এর মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ২৩টি ব্রোঞ্জ পদক। দলের ২৩ জন প্রতিযোগীর মধ্যে ছিলেন ১২ জন মহিলা এবং ১১ জন পুরুষ। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য প্রায় তিন মাস ধরে কঠোর অনুশীলন করেন তাঁরা। দলের প্রশিক্ষক সেন্সেই মৃণাল ঘোষ জানান, প্রবল বর্ষণের মধ্যেও খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে তাঁরা নিজেদের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। এই সাফল্য বাংলার সমস্ত মানুষকে উৎসর্গ করার পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি পদক অর্জন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলার হয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হলেন— প্রকৃতি গায়েন, স্বপ্না সরদার, পৌলমী ভট্টাচার্য, নাফসিন পাইক, শুভমিতা মণ্ডল, মোহনা নেশা, সুচরিতা চক্রবর্তী, রাশি চক্রবর্তী, প্রিয়াংশি পণ্ডিত, ঋতিশা চক্রবর্তী, চয়নিকা পাইক, রিমি ভূঁইয়া, দ্বীপ সর্দার, শিবম রায়, ময়ূখ হালদার, ইঞ্জামুল নাইয়া, আদিল আহমেদ লস্কর, কুশান মণ্ডল, প্রদীপ মণ্ডল, ঋতম ভান্ডারি, ওহিদ শেখ, সায়ন পাত্র এবং মো. শামীম খান। দলের অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সহকারী ও টিম ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেম্পাই সৌমাদীপ ঘোষাল। সেন্সেই মৃণাল ঘোষ আরও জানান, কোনও সরকারি বা বেসরকারি সহযোগিতা ছাড়াই একাডেমির নিজস্ব প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ভবিষ্যতে সহযোগিতা পেলে দল আরও ভালো ফলাফল করবে বলে আশাবাদী তিনি। প্রতিযোগিতার মূল উদ্যোক্তা সেন্সেই মো. মোক্তার বাংলার দলের এই সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও উন্নতির জন্য শুভেচ্ছা জানান।
