
2026-09-07 | Viral ,উত্তর 24 পরগনা ,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 15
বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:- আর্থিক প্রতিকূলতাকে পেরিয়ে পড়াশোনায় এগিয়ে চলা সুন্দরবনের মেধাবী ছাত্রী সেলিমা মোল্যাকে সংবর্ধনা দিল সামাজিক সংগঠন ‘মানবতা’। পাশাপাশি তাঁর শিক্ষাজীবনে সহযোগিতার জন্য হাতে তুলে দেওয়া হয় ৫,০০০ টাকার শিক্ষাসহায়তার চেক। বাসন্তী থানার ১ নম্বর আমঝাড়া গ্রামের বাসিন্দা সেলিমা বর্তমানে ফুলমালঞ্চ ঋতু ভকত হাই স্কুল (উঃ মাঃ)-এর নবম শ্রেণির ছাত্রী। দরিদ্র পরিবারের মেয়ে সেলিমার বাবা সেলিম মোল্যা আর্থিকভাবে অসচ্ছল এবং মা রেহেনা মোল্যা গৃহকর্মী। দুই ভাই ও দুই বোনকে নিয়ে অভাবের সংসার হলেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ অটুট। সম্প্রতি ‘২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের AI-এর ভূমিকা’ বিষয়ের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের পরিচয় দেয় সেলিমা। তাঁর এই সাফল্যকে সম্মান জানিয়ে ‘মানবতা’-র পক্ষ থেকে প্রদান করা হয় ‘মানবতা সম্মাননা’। সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরীয়, ব্যাজ, বই, স্মৃতিস্মারক ও সম্মাননা মানপত্রের পাশাপাশি ৫ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা। জুলফিকার আলী পিয়াদা জানান, প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিভা যেন অর্থের অভাবে থেমে না যায়, সেটাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও সেলিমার পড়াশোনায় আর্থিক সমস্যা হলে সাধ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা সংস্থার সদস্য সুজাউদ্দিন লস্কর, রোহান আক্তার, বাপন মোল্লা, জিয়াউল কাজী ও শাকিলুর হোসেন পিয়াদা। উপস্থিত সদস্যরা সেলিমার সাফল্যের প্রশংসা করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজাউদ্দিন লস্কর। সেলিমার এই সম্মাননা ও শিক্ষাসহায়তা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
