
2026-09-09 | শিরোনাম,পশ্চিমবঙ্গ, মালদা,Viral ,খবর,রাজ্য, | Kaliachak Sangbad | Views : 8
মালদা--প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগকে সামনে রেখে এবার ক্রীড়াক্ষেত্রে বিশেষ নজর দিল সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। বিএসএফের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো জাতীয় স্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের বিএসএফ ফ্রন্টিয়ার থেকে মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন বিভাগে তাঁরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য তুলে ধরবেন। মঙ্গলবার সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিএসএফ মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, জেলাশাসক রজনবির সিং কাপুর, মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং, মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে অতিথিরা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। কর্তব্য পালনের পাশাপাশি বিএসএফ জওয়ানদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তাঁরা। প্রতিযোগিতাকে ঘিরে বিএসএফ জওয়ান ও আধিকারিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই জাতীয় স্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএসএফ সদস্যদের অংশগ্রহণে কয়েকদিন ধরে মালদায় জমজমাট ক্রীড়া আবহ তৈরি হবে।
