
2026-09-13 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 53
মালদহ: আবারও বন্যার জলে ডুবে মৃত্যু ভূতনীতে। এবার প্রাণ গেল মাত্র পাঁচ বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের ভূতনি থানার অন্তর্গত উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সামিরুদ্দিনটোলা গ্রামে। মৃত শিশুর নাম সাফিউর রহমান (৫)। তার বাবা আব্দুল বারিক, পেশায় পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে জানা যায়, এদিন বিকেলে বাড়ির ছাদে খেলছিল সাফিউর। পরে সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে নামার সময় বিপত্তি ঘটে। বন্যার জলে বাড়ির ভিতরও ডুবে থাকায় শিশুটি সেই জলের মধ্যে তলিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির ভিতরের জলে শিশুটির জুতা ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন। এরপর বন্যার জল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, প্রশাসনকে খবর দেওয়ার পর স্পিডবোটের জন্য বারবার ফোন করা হলেও স্পিডবোট আসতে বেশ দেরি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুটির দেহ হেফাজতে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। এই ঘটনায় ফের শোকের ছায়া নেমে এসেছে ভূতনীজুড়ে। স্থানীয় সূত্রের খবর, চলতি বছরের বন্যায় ভূতনীতে জলে ডুবে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা ও বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের কাছে দ্রুত পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।
