2024-10-31 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 131
এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিকেলের বেশিরভাগ ফ্রিজার। এই দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। বিশেষত বেওয়ারিশ দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে মেডিকেলের মর্গ চত্বরে। মেডিকেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেরামতের টাকা না মেলায় ফ্রিজার সারাইয়ের কাজ সম্ভব হয়নি। মাস খানেক আগে মেরামতের টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মেডিকেল কলেজের অন্দরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, মালদা মেডিকেলের মর্গ, অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিস মিলিয়ে মোট আটটি ফ্রিজার রয়েছে। এই ফ্রিজারগুলি মিলিয়ে প্রায় ৫০টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। মেডিকেলের একটি সূত্র জানাচ্ছে বছর খানেকের বেশি সময় ধরে মেডিকেলের সমস্ত ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে।