2024-11-07 | পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 438
মেদিনীপুর: আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন! মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে শুভেন্দু অধিকারীর একটি মহামিছিল করার কথা ছিল। সেই মতোই দলীয় কর্মী সমর্থকরা ও প্রস্তুত হয়েছিলেন। তবে বুধবার সন্ধ্যায় মেদিনীপুরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক বাতিলের নির্দেশ জানায় বিজেপির প্রার্থীকে। তারপরেই মেদিনীপুরের কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েন। তবে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী হতাশা ফেরাতে প্রোগ্রাম বাতিল হলেও দলীয় কার্যালয়ে উপস্থিত হন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর সিপাই বাজারে দলীয় কার্যালয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে একাধিক ভাষায় আক্রমণ করেন। শুভেন্দু অধিকারী বলেন ধৃতিমান সরকার আছে মানেই প্রোগ্রাম বাতিল হবে এটা তো জানা কথা। ঝারখণ্ড থেকে যেভাবে গরু পাচার করে ডায়মন্ড হারবারে ভাইপোর এলাকায় পাঠাচ্ছে এবং তার থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে পুলিশ সুপার। গোটা পশ্চিম মেদিনীপুর জেলা বিক্রি করে দেবেন বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন মেদিনীপুরের মানুষ যদি ভোট দিতে পারে বিজেপির জয় কার্যত সময়ের অপেক্ষা। দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের পর মেদিনীপুর শহরের এলআইসির মোড় থেকে কালেক্টরেট পর্যন্ত পায়ে হেঁটে পথচারী মানুষ এবং পার্শ্ববর্তী দোকানদারদের হাতে লিফলেট তুলে দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আরজিকর এ ডাক্তার বোনের দোষীদের শাস্তি দিতে মেদিনীপুরের মানুষকেও এগিয়ে আসতে হবে এবং বিজেপির হাত শক্ত করতে হবে। পরে দলীয় কর্মী সমর্থকদের বাইকে চড়েই মেদিনীপুর শহরের মানুষের সাথে জনসংযোগ সারলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।
