2024-11-07 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1459
মালদা: ছট পুজোর মধ্যে দিয়েও পরিবেশ বাঁচানোর বার্তা। মূলত নদী দূষণ রোধের বার্তা দিতেই এমন পরিকল্পনা মালদহ শহরের জয়সওয়াল পরিবারের। বিগত কয়েক বছর ধরেই বাড়ির ছাদে ছট পালন করছেন এই পরিবারের সদস্যরা। বাড়ির ছাদে তৈরি করা হয়েছে চৌবাচ্চা। সেখানে জল ভরে নদীর মত জল তৈরি করা হয়েছে। ফারাক্কা গঙ্গা নদী থেকে নিয়ে আসা হয়েছে সেই জল। সেই জলেই আজ পালন করা হল ছট পুজো। শুধু তাই নয়, ছটের আমন্ত্রণ পত্রেও পরিবেশ রক্ষার বার্তা। আমন্ত্রণ পত্রেও পরিবেশ বান্ধব ছট পালনের আহ্বান জানানো হয়েছে। ছটের মধ্যে দিয়ে পরিবেশন বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ এই জয়সওয়াল পরিবারের। মালদহ শহরের শরৎপল্লীর বাসিন্দা সুভাষ জয়সওয়াল। তাঁর দুই মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। বর্তমানের দুই মেয়ের উদ্যোগেই বাড়িতে ছট উৎসব হয়ে আসছে। করোনার সময় প্রথম বাড়ির ছাদে ছট পালন করেন। তারপর থেকেই নদী দূষণ রোধের বার্তা দিতে প্রতিবছর বাড়ির ছাদে ছট পালন করে আসছেন। এবারেও তার কোন ব্যাতিক্রমী হয়নি। মালদহ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। দুই তীরে কয়েক হাজার মানুষ ছট পালন করে থাকেন। ছটের পর দেখা যায় বিভিন্ন ভাবে নদী দূষিত হচ্ছে। পুজোর ফেলে দেওয়া নানান সামগ্রী, পুজোর নৈবদ্য থেকে নদী দূষিত হচ্ছে। এখনি সময় নদী দূষণ রোধে সকলে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতেই বিগত কয়েক বছর ধরেই নদীর জলে না নেমে বাড়ির ছাদে চৌবাচ্চায় ছট পালন করে আসছে জয়সওয়াল পরিবার। শুধুমাত্র তাই নয় পুজোর পরে ফেলে দেওয়া নানান সামগ্রী নষ্ট না করে সেগুলি দিয়ে জৈব সার তৈরি করেন। তারপর সেগুলি দিয়ে বাড়ির ছাদে ফুল গাছের পরিচর্যা করে থাকেন। ছটের মধ্যে দিয়ে পরিবেশ বান্ধবের এক দৃষ্টান্ত উদাহরণ মালদহ শহরের এই পরিবারের ছট উৎসব।
