2025-01-01 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 44
পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। আর এই পরীক্ষায় বসার আগে যাতে প্রস্তুতি নির্ভুল থাকে তার উদ্যোগ নিলো বিধান শিশু উদ্যান। সপ্তাহব্যাপী প্রয়াস মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিকের প্রস্তুতির জন্য বিধান শিশু উদ্যানের উদ্যোগে এবং দুবরাজপুরের নেতাজি শিশু মন্দিরের পরিচালনায় বিএসইউ প্রয়াস মক টেস্ট নেওয়া হল দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর্ গার্ল্স স্কুলে। দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, সারদেশ্বরী বিদ্যামন্দির ফর্ গার্ল্স, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়, পাঁচরা উচ্চ বিদ্যালয়, রুপুষপুর উচ্চ বিদ্যালয়ের ১১ জন ছাত্রছাত্রী প্রয়াস মক টেস্ট পরীক্ষায় বসে। নেতাজি শিশু মন্দিরের কর্ণধার তথা বিধান শিশু উদ্যানের দুবরাজপুর শাখার কো-অর্ডিনেটর বরুণ চট্টোপাধ্যায় জানান, বিগত কয়েক বছর ধরে এখানে প্রয়াস মক টেস্ট নেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষায় বসার আগে ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে এই টেস্ট নেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রায় ১০,০০০ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা বিধান শিশু উদ্যান পরিচালিত এই পরীক্ষায় অংশ নিতে পারে। খুব কম খরচে এই পরীক্ষা দেওয়া যায়। রাজ্যের কয়েকশো শিক্ষক-শিক্ষিকা প্রায় বিনা পারিশ্রমিকে তাঁদের অবসর সময়ে এই কাজে পূর্ণ সহযোগিতা করেন বলে জানা যায়।