2025-01-28 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1040
পানীয় জলের সমস্যা মেটাতে আদিবাসী পাড়ার বাসিন্দাদের ডেপুটেশন, আশ্বাস প্রশাসনের। পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের কুচুটের বড় মশা গড়িয়া এলাকার আদিবাসী পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। সমস্যা সমাধানে সোমবার তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় পানীয় জলের বড় সমস্যা। সম্প্রতি সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সাব-মার্সিবল বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বাসিন্দাদের দাবি, ওই সাব-মার্সিবলটি তাদের এলাকায় বসানো হলে পানীয় জলের সমস্যা চিরতরে মিটবে। এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।এলাকার বাসিন্দারা আশাবাদী, প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাদের দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত মিটবে।
