2025-02-26 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1104
মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মানিকচকের গোপালুর এলাকায়। জানা গেছে, এদিন হঠাৎ করেই এক গৃহস্থ বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে সেই আগুন আরও বিধ্বংসী রূপ ধারণ করে। অগ্নিকান্ডের সময় পরিবারের চারজন সদস্য আহত হন বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এদিনের এই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা সম্ভবপর হয়নি।