2025-07-09 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1466
উড়িষ্যায় কাজ করতে গিয়ে পুরাতন মালদার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক দেহ উদ্ধার হলো। গত সমবার ওই পরিযায়ী শ্রমিকের রহস্যজনক অবস্থায় দেহ উদ্ধারের পর বুধবার দুপুরে উড়িষ্যা থেকে কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় পুরাতন মালদার গ্রামের বাড়িতে। যদিও ময়না তদন্তের পর পুলিশ জানিয়েছে, উড়িষ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোবিন্দ মুদি |বয়স ৩৫ বছর। তাঁর বাড়ি পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নেমুয়া কামাতপাড়া এলাকায়। সংসারের অভাব মেটাতেই গত দুই মাস আগে উড়িষ্যায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন গোবিন্দ মুদি। গত সমবার সকালে কর্মস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে রেললাইন পার হয়ে শৌচক্রিয়া করতে যাচ্ছিলেন ওই শ্রমিক | কিন্তু সেখানেই হাই ভোল্টেজের তাঁর ছিড়ে পড়েছিল সেখানেই পা পড়তে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় গোবিন্দ মুদি। মৃতের এক আত্মীয় সন্ধ্যা মুদি জানিয়েছেন, পরিবারে স্ত্রী সহ তিন এবং চার বছরের দুই নাবালক ছেলে রয়েছে। গোবিন্দ বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ও প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে গোটা পরিবার।
