2025-08-29 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1038
মালদা: নদী ভাঙ্গন, ভাঙ্গন রোধের কাজ ও বন্যার পরিস্থিতি পরিদর্শনে বিধায়িকা। মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি চড়ের নদী ভাঙ্গন ও ভাঙ্গন রোধের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। ঠিকাদার সংস্থাকে স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দিলেন বিধায়িকা। বৃহস্পতিবার দুপুরে ভূতনি থানার অন্তর্গত কেশবপুর কলোনি, কালটোনটোলা সহ বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন বিধায়িকা সাবিত্রী মিত্র। উল্লেখ্য গত ১৩ই আগস্ট দক্ষিণ চন্ডিপুরে বাঁধ ভেঙে গঙ্গা ও ফুলাহর নদীর জলে কয়েকদিনের জন্য বন্যার মত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ভূতনি চর জুড়ে। ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের একাধিক গ্রাম এই বন্যায় প্লাবিত হয়। এদিন প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে এলাকার মানুষের খোঁজ খবর নেন বিধায়িকা। কথা বলেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সঙ্গে শুনেন তাদের সমস্যার কথা। আরো পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার আশ্বাস দেন তিনি। অন্যদিকে নদী ভাঙ্গনে যে সমস্ত পরিবারের বাড়িঘর নদী গর্ভে তলিয়ে গেছে তাদের পুনর্বাসন যাতে দ্রুত দেওয়া হয় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ঠিকাদার সংস্থাকে সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে ভাঙ্গন রোধের কাজ করার নির্দেশ দেন, সময় মত যাতে কাজ শেষ হয় সেটাও নির্দেশ দিয়ে আসেন এদিনের পরিদর্শন থেকে মানিকচক বিধানসভার বিধায়িকা। এদিনের পরিদর্শনে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল ভুতনি থানার পুলিশ প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা।
