2025-09-07 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 22
মালদা: বিয়ের দশ বছরেও নিঃসন্তান। টাকার প্রলোভন দেখিয়ে বাচ্চা চুরি করে নিয়ে আসার প্রস্তাব দিয়ে বিপদে বধূ। থানায় অভিযোগ দায়ের। ঘটনায় শোরগোল পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত বধূর নাম পিয়ারী বানু (২৫)। তার বাড়ি গিধিনপুকু্রে। যদিও বধূ বাচ্চা চুরির প্রস্তাব অস্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১০ বছর আগে মারাডাঙ্গি গ্রামের পিয়ারী বানু'র বিয়ে হয় গিধিনপুকুরে রেজাউল হকের সঙ্গে। এখনও পর্যন্ত কোনও সন্তান হয়নি বধূর। এই নিয়ে পরিবারে অশান্তি চলছে। বধূ সাড়ে ন'মাসের গর্ভবতী আছেন বলে দাবি করেছেন। দীর্ঘ ১০ মাস থেকে বাবার বাড়ি মারাডাঙ্গিতে রয়েছেন তিনি। ডাক্তারি রিপোর্ট দেখিয়ে চলতি মাসের ৯ তারিখ সন্তান প্রসব করার দাবি করেছেন বধূ।তার আগেই বাচ্চা চুরির প্রস্তাব উঠলো বধূর বিরুদ্ধে। মারাডাঙ্গি গ্রামের প্রতিবেশী মহিলা দুখিয়া খাতুনকে গ্ৰামেরই কাবুল আলির সত্যজাত (১৫ দিনের) কন্যা সন্তানকে চুরি করে নিয়ে আসার প্রস্তাব দেন বধূ পিয়ারী ও তার মা হালিমা খাতুন বলে অভিযোগ। প্রতিবেশী মহিলা এই কথা শিশুর মাকে জানাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বধূ সম্পর্কে আরও জানা গিয়েছে, বছর পাঁচেক আগে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা ছাড়াই মরা বাঁচা প্রসব করেন বলে দাবি বধূর স্বামীর। আবার বছর দুয়েক আগে অ্যাম্বুলেন্সে করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বধূর কাপড়ে হটাৎ করে আগুন ধরে যায়। সে সময় নিমেষে জাদুর মতো পেট থেকে বাচ্চা গায়েব হয়ে যায় বলে দাবি বধূর। যদিও স্থানীয়দের দাবি স্বামীর চোখকে ফাঁকি দিতে এগুলো ঘটনা করছে বধূ। বধূ গর্ভবতী আছেন কি না সন্দেহের দানা বেঁধেছে সকলের মনে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
