2025-09-09 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 83
মালদা: স্ত্রীর সোনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন এক বৃদ্ধ। ঋণের সেই টাকা পরিশোধ করার কথা ছিল আজ। তাই ঋণের সেই টাকা আগলে সঙ্গে নিয়েও এসেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু তার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক চিকিৎসা করাতে যাওয়ায় হল কাল ওই বৃদ্ধের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের লিফটে করে পাঁচ তলা ওঠার সময় পাঞ্জাবির পকেট কেটে উধাও সেই টাকা এবং ফোন। ঘটনা জানাজানি হতেই গোটা মেডিকেল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা রায় আজ পুরাতন মালদা থানার দরগা পাড়া এলাকার বাসিন্দা আবদুল সাত্তার ( বয়স ৭০) শারীরিক অসুস্থতা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউট ডোরে চিকিৎসা করাতে আসেন। ঋণ পরিশোধ করার জন্য সঙ্গে তিনি ১৫৩৫০ টাকা নিয়েও এসে ছিলেন। সেই সঙ্গে যাতায়াতের খরচ হিসাবে আলাদা করে আরো ৫৪০ টাকা নিয়ে এসেছিলেন ওই বৃদ্ধ। দ্বিতীয় তলায় ডাক্তার দেখানোর পর ওই রোগীকে পাঁচ তলায় যেতে বলা হয়। লিফট করে যাওয়ার সময় ঘটে বিপত্তি। কেউ বা কারা তার পাঞ্জাবির পকেট কেটে সমস্ত টাকা এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। বিষয়টি পরে জানতে পেরে তিনি এই মর্মে ইংলিশ বাজার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বারবার চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত অন্যান্য রোগীর আত্মীয়রা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি তার পাশাপাশি এই চুরির ঘটনা রুখতে আমরা মাইকিং করছি এবং বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি, জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়।
