2025-09-09 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1995
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সম্প্রতি জেলায় জেলায় সংগঠনে বড়সড় রদবদল করেছে। এই রদবদলের পর পুরাতন মালদা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করেন কমল ঘোষ। দায়িত্বভার গ্রহণের পরই মঙ্গলবার দুপুরে দলের তরফে আড়ম্বরপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী-সমর্থক ও নেতৃত্ব। সমগ্র অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন যুব সভাপতি ও সহ-সভাপতি কে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান দলের নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের যুব সভাপতি কমল ঘোষ বলেন, “দল যে আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছে, সেই আস্থা রাখার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব। তৃণমূল কংগ্রেসের নীতি-আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যুব সমাজকে দলের সঙ্গে আরও বেশি করে যুক্ত করাই আমার প্রথম লক্ষ্য। দলীয় সূত্রে খবর, সাংগঠনিক রদবদলের পর পুরাতন মালদা ব্লক যুব সংগঠনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। কমল ঘোষকে দায়িত্ব দেওয়ায় যুব সমাজে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে বলে দাবি নেতৃত্বের।
