
2025-09-16 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 18
মালদা:- আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। দেশের প্রধানমন্ত্রীকে ‘খুনি’ বলে আক্রমণ করলেন তিনি। তার পাশাপাশি বিজেপি নেতা অর্জুন সিংহের উদ্দেশ্যে বলেন বন্ধু অর্জুন সিং তোমার গায়ের জামা কাপড় খুলিয়ে গামছা পরিয়ে দৌড়ে দৌড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় ধাওয়া করবে। এর পাশাপাশি কংগ্রেস এবং সিপিএমদের কড়া ভাষায় আক্রমণ করেন।মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা, অত্যাচার চলছে তারই প্রতিবাদে ১৫টি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে। তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, রাজ্য সহ সভাপতি সমর মুখার্জি সহ একাধিক জনপ্রতিনিধিরা।
