
2026-03-30 | Viral ,কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1329
মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও বহু বাসিন্দার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং তাঁদের ‘ডি-ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী বহু ভোটার হঠাৎ করেই নিজেদের নাম তালিকায় খুঁজে পাচ্ছেন না। অথচ তাঁদের কাছে আধার কার্ড, রেশন কার্ডসহ একাধিক বৈধ নথি রয়েছে বলে দাবি। তবুও কেন তাঁদের ‘ডি-ভোটার’ হিসেবে চিহ্নিত করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার প্রতিবাদে সোমবার এলাকাবাসীর একাংশ মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা দাবি করেন, অবিলম্বে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং এই বিভ্রান্তির কারণ স্পষ্ট করতে হবে প্রশাসনকে। উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘক্ষণ ধরে চলা এই অবস্থান-বিক্ষোভকে কেন্দ্র করে রাস্তার ধারেই আন্দোলনকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভকারীরাই নিজেদের উদ্যোগে রান্নার কাজ শুরু করেছেন এবং উপস্থিত সকলের জন্য মুড়ি ও চানাচুর বিতরণ করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, আন্দোলন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয়রা নিজেদের দাবি আদায়ে অনড়।