
2026-04-04 | Viral ,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 1184
চাকুলিয়ায় কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ ভিক্টরের মনোনয়ন দাখিল, উন্নয়ন ও অধিকারের বার্তা নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আলি ইমরান রমজ ভিক্টর। মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে নাম লেখালেন তিনি। শনিবার নির্ধারিত সময় অনুযায়ী প্রশাসনিক দফতরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন ভিক্টর। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। মনোনয়ন জমার পর তিনি জানান, মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখেই তাঁর এই রাজনৈতিক পথচলার সূচনা। তিনি বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই। চাকুলিয়ার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই আমার প্রধান লক্ষ্য।” এদিন প্রার্থী আরও জানান, দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করার ইচ্ছা নিয়েই তিনি নির্বাচনী ময়দানে নেমেছেন। সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া ও আশীর্বাদকেই তিনি তাঁর শক্তি বলে মনে করেন। তিনি বলেন, “আপনাদের সমর্থনই আমার পথ চলার একমাত্র পাথেয়। সকলের সহযোগিতা পেলে আমি এলাকার উন্নয়নে আরও জোরদারভাবে কাজ করতে পারব।” মনোনয়ন জমা দেওয়ার সময় এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন স্লোগান তুলে প্রার্থীকে স্বাগত জানান এবং আসন্ন নির্বাচনে জয়ী করার অঙ্গীকার করেন। রাজনৈতিক মহলের মতে, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই নিজেদের প্রচার শুরু করে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে আলি ইমরান রমজ ভিক্টরের মনোনয়ন দাখিল কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা তৈরি করেছে।