
2026-04-05 | Viral ,পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 345
রামনবমীর উৎসবের আবহ মুহূর্তে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়েছিল।সেই ঘটনারই মর্মান্তিক পরিণতি সামনে এল কয়েকদিন পর।শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় দুই বন্ধুর মধ্যে সামান্য বচসা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।গুরুতর জখম হওয়ার পর টানা আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ প্রাণ হারালেন সুরোজ সাহানি।পুলিশ জানিয়েছে,গত ২৭শে মার্চ রামনবমীর শোভাযাত্রার মধ্যে হঠাৎই কথা কাটাকাটি শুরু হয় সুরোজ ও রাজেশ সাহানির মধ্যে।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ,সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সুরোজের পেটে আঘাত করে রাজেশ।ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটদিন পর তাঁর মৃত্যু হয়,যা এলাকায় শোকের ছায়া নামিয়ে আনে।এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে টিকিয়াপাড়া এলাকায়।শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে রাস্তায় অবরোধ গড়ে তোলেন স্থানীয়রা।অভিযুক্তের গ্রেফতারের দাবিতে শুরু হয় বিক্ষোভ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।পুলিশের আশ্বাসে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।এরপর দ্রুত তদন্তে নেমে রবিবার ভোরে আলিপুরদুয়ারের বীরপাড়ায় তার বোনের বাড়ি থেকে অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।