
2026-04-11 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 334
মণিপুরে মালদার বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু। মালদার,মোথাবাড়ির উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকার বাসিন্দা, ১৭০ ব্যাটালিয়নের BSF-এর জওয়ান মিঠুন মণ্ডল (৩৪) মণিপুরের উখরুল জেলার মংকোট চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল (৬১)। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর ১১ মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ-এর ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় ৬ বছর আগে তার বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল (২৬) এবং তাদের দুটি ছোট সন্তান—একটি ৫ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী, ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবার। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার সময় ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয়— “মিঠুনকে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক।” প্রায় ১৫ মিনিট পর আবার ফোন করে জানানো হয়— “মিঠুন শহিদ হয়ে গেছেন।” এই খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা-ও, যিনি ছেলের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন।