
2026-04-15 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 677
মালদা: মহিলা ঢাকিদের তালে বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হল ইংরেজবাজারের পাঁচ নম্বর ওয়ার্ডে । মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। ওয়ার্ডের ইয়ুথ ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া প্রভাতফেরিতে অংশ নেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য সদস্যরা। প্রভাতফেরিতে জেলার বিভিন্ন স্তরের শিল্পী, মহিলা ঢাকি, কীর্তন শিল্পী ও বাদ্যযন্ত্রশিল্পীরা অংশ নিয়ে পরিবেশকে উৎসবমুখর করে তোলেন। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা শেষ হয় সিঙ্গাতলা এলাকায়। সকলকে সম্প্রীতি, ঐক্য ও আনন্দের বার্তা দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান চেয়ারম্যান ও কাউন্সিলর।