
2026-04-17 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 68
নির্বাচনী প্রচারের উত্তাপের মাঝেই মোথাবাড়ি বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল দলবদলের এই ঘটনা। রাজনগর মডেলের কাঁঠাল বাড়িতে আয়োজিত এক নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর হাত ধরে তাঁদের এই যোগদান ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যোগদানকারী কর্মীদের বক্তব্যে উঠে এসেছে তাঁদের এই সিদ্ধান্তের পেছনের কারণ। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে দুর্নীতি বেড়ে চলেছে এবং সংখ্যালঘুদের প্রতি দ্বিচারিতার অভিযোগ রয়েছে। পাশাপাশি, বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য ও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর দোষ চাপানোর প্রবণতায় তাঁরা অসন্তুষ্ট হয়ে পড়েন। সেই কারণেই তাঁরা দলত্যাগ করে কংগ্রেসের পতাকা তলে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং বলেন, মানুষের স্বার্থে, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কংগ্রেস সবসময় কাজ করে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, এই যোগদান আসন্ন নির্বাচনে কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি করবে। পুরো ঘটনাকে ঘিরে মোথাবাড়ি বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, এবং নির্বাচনের আগে এই দলবদল কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।