
2026-04-20 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 131
ভোটের বাদ্যি বাজতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। প্রচারের শেষ লগ্নে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রার্থীরা। আজ বৈশাখের প্রখর রৌদ্রকে উপেক্ষা করে সাতসকালে ভোট প্রচারে নামলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। জনসংযোগের পাশাপাশি এদিন বিরোধী পক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।তপ্ত রোদ, আর তার মাঝেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে হরিশ্চন্দ্রপুরে। আজ সকাল সকাল হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর, রামনগর, ধনতা এবং গরগরী গ্রামে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। ঘরে ঘরে গিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী মতিবুর।এদিন প্রচার থেকে কংগ্রেস প্রার্থীকে তীব্র আক্রমণ করেন তিনি। মতিবুর রহমান বলেন, কংগ্রেসের প্রার্থী আসলে একজন 'পদলোভী' মানুষ। তিনি মানুষের সেবার কথা ভাবেন না, বরং নিজের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। তার কটাক্ষ, এখনই কংগ্রেসের বিকল্প না খুঁজলে আগামী পঞ্চায়েত নির্বাচনে এই কংগ্রেস প্রার্থীকেই হয়তো প্রধান পদের জন্য লড়াই করতে দেখা যাবে।উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি এলাকার পর্যটন নিয়েও বড় স্বপ্ন দেখালেন তৃণমূল প্রার্থী। হরিশ্চন্দ্রপুরে যে ফরেস্ট বা বনভূমি রয়েছে, সেটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তার মতে, এটি হলে এলাকার অর্থনৈতিক শ্রী বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান তৈরি হবে।