
2026-04-21 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 14
মালদা: ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন । ওইদিন মালদাতে ভোট অনুষ্ঠিত হবে । আর এবারে মালদায় নির্বাচনে এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ানসহ মোট ১৭২ কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং । তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পদস্থ কর্তারা উপস্থিত হয়েছিলেন। এবারে মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। মহিলা ভোটার রয়েছে ১৩ লক্ষ ৪৯ হাছার ৬০৯ জন। পুরুষ ভোটা রয়েছে ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন। প্রায় ২ লক্ষ ৪০ হাজার নাম এবারের এসআইআর-এর ডিলিট হয়েছে। এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম, এমনকি কোনওরকম প্ররোচনা ছাড়া অনুষ্ঠিত হবে বলেও জেলাশাসক জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের বুথে আসতে কোথাও বাঁধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। সমস্ত পোলিং বুথ এবং আশপাশ এলাকায় থাকবে ক্যামেরার নজরদারি। পুলিশ সুপার জানান, নির্বাচনে আধা সামরিক বাহিনীর পাশাপাশি ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ৩৬ জন আইসি, পুলিশের সাব ইন্সপেক্টর এবং অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মিলিয়ে মোট এক হাজার জন মোতায়েন থাকবে। এছাড়াও কেরল এবং ইউপি থেকেও বন্দুকধারী পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি । এছাড়াও দুটো কেন্দ্রীয় মহিলা ব্যাটেলিনের জওয়ানেরাও মোতায়েন থাকবে। নির্বাচনে ৩২৭ টি গাড়ি কুইক রেসপন্স টিমের হয়ে কাজ করবে। জেলায় ৩৭টি নাকা চেকিং করা হয়েছে। পুলিশ সুপার বলেন, অতি উত্তেজনাপ্রবন বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে। ভোটে কোনওরকম গোলমাল পাকানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রতি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া যেসব জায়গায় একই এলাকায় দুই বা তার বেশি বুথ রয়েছে সেখানে এক সেকশন থেকে দুই সেকশন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভোটে সিভিক ভলান্টিয়ারদের কোনওরকম কাজে লাগানো যাবে না। ভোটের তিনদিন আগে থেকেই সিভিক ভলান্টিয়ার বা গ্রীন পুলিশ কোনওরকম আইনশৃংখলার কাজ করবেন না। এমনকি ইউনিফর্ম পড়েও তাঁরা বাইরে বের হতে পারবেন না। ইতিমধ্যেই কমিশনের তরফে এমনই নির্দেশিকা এসেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রাজনবীর সিং কাপুড়। এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবার মালদায় ভোট গণনার কাজ হবে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে।