
2026-05-02 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 347
প্রতিবেদন:- মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে ভুয়ো টিকিট দেখিয়ে ওয়ার্ডে প্রবেশের চেষ্টা রুখতে গিয়ে নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় চারজন নিরাপত্তা কর্মী জখম হন, যার মধ্যে সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ইংরেজবাজারের মহেষমাটি এলাকার বাসিন্দা কয়েকজন মহিলা গেট পাশ দেখিয়ে ওয়ার্ডে প্রবেশ করছিলেন। সেই সময় অতিরিক্ত একজনকে সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষী দেবাশিষ মণ্ডল তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং টিকিটটি পরীক্ষা করতে নেন। অভিযোগ, এরপরই বাকি মহিলারা এসে প্রথমে তাঁর উপর চড়াও হন। তাঁকে বাঁচাতে এগিয়ে আসা অন্যান্য নিরাপত্তাকর্মীদেরও মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় চারজন নিরাপত্তারক্ষী আহত হন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এক মহিলা কর্মী এখনও চিকিৎসাধীন। অভিযোগ, ঘটনার সময় মেডিক্যালের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলেও দ্রুত কোনও পুলিশ কর্মী ঘটনাস্থলে পৌঁছায়নি। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন নিরাপত্তারক্ষীরাই। পুরো ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।