
2026-05-03 | দেশ,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 17
মালদা: বিধানসভা নির্বাচন পরবর্তী গণনাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে জেলা প্রশাসন। জেলার ১২টি আসনের ইভিএম দুটি স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় সংরক্ষিত—মালদা কলেজে ৫টি এবং পলিটেকনিক কলেজে ৭টি আসনের মেশিন রাখা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের পাশাপাশি ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সিসিটিভি ও ড্রোনে পর্যবেক্ষণ চালানো হবে। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সার্বক্ষণিক নজর রাখছেন স্ট্রং রুমে। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ এবং পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ০৬০। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস ভোট গণনা শুরু হবে, তারপর ইভিএম গণনা। মোট ২৩৬টি রাউন্ডে ১২টি বিধানসভার ফল নির্ধারণ হবে। প্রতিটি কেন্দ্রে ১৪টি টেবিল এবং প্রায় ৮৫০ জন কর্মী গণনায় যুক্ত থাকবেন। গণনা কেন্দ্রের নিরাপত্তায় কড়াকড়ি জারি রয়েছে। প্রার্থী ও এজেন্টদের প্রবেশ নিয়ন্ত্রিত এবং ১০০ মিটার দূরে রাজনৈতিক কর্মীদের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এলাকায় ১৬৩ বিএনএস ধারা কার্যকর রয়েছে।