
2026-06-18 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 36
মালদা: নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বেহাল বিদ্যুৎ সংযোগ, অগ্নি নির্বাপণ ব্যবস্থার অভাব এবং আবাসনের পাশেই অবৈধ নির্মাণ— এই সব অভিযোগ তুলে জেলাশাসক ও ইংরেজবাজার পুর প্রধানের কাছে ফের লিখিত অভিযোগ জানালেন সুভাষপল্লী মিউনিসিপাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।আবাসিকদের দাবি, ২০১৮ সাল থেকে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের অভিযোগ, ফ্ল্যাট কেনার সময় যে নকশা বা ব্লু-প্রিন্ট দেখানো হয়েছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই। আবাসনে পার্কিংয়ের তীব্র সংকট রয়েছে। বিদ্যুৎ লাইনের অবস্থাও অত্যন্ত খারাপ। তিন বছর আগে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত বহুতলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা গড়ে তোলা হয়নি।বর্তমানে ৪২টি ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা এই আবাসনে বাসিন্দাদের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে মোটরবাইক রাখার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা। পাশাপাশি ড্রেনেজ সমস্যাও দীর্ঘদিনের। সুভাষপল্লী মিউনিসিপাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দুর্গাপদ ঘোষ, সম্পাদক মানব দত্তসহ অন্যান্য আবাসিকরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবৈধ দোকানঘর ভেঙে ফেলা এবং আবাসনের পরিকাঠামোগত সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।
