
2026-06-20 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 44
আবাসের কিস্তি পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে,টাকা ফেরতের দাবিতে পথে নামলেন খড়মপুরের বাসিন্দারা মালদা : আবাস যোজনার কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আদায় করা টাকা ফেরতের দাবিতে শনিবার সকালে বিক্ষোভে সামিল হন গ্রামের একাংশ বাসিন্দা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রামের। অভিযোগের তির পঞ্চায়েত সদস্য উপেন যাদবের দিকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সমর্থনে কাজ করছিলেন ওই পঞ্চায়েত সদস্য। অভিযোগ, প্রায় এক বছর আগে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামের একাধিক উপভোক্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। টাকা না দিলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হবে বলে ভয় দেখানো হত বলেও দাবি গ্রামবাসীদের একাংশের। এমনকি পুলিশের ভয় দেখিয়েও টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, এই কাজে কুশিদা গ্রাম পঞ্চায়েতের এক কর্মীও জড়িত ছিলেন, যিনি বাড়ি পরিদর্শনের কাজে এলাকায় এসেছিলেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উপভোক্তাদের কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। স্থানীয় বাসিন্দা হরেন চৌধুরীর অভিযোগ,আমার কাছ থেকে ২৩ হাজার টাকা নেওয়া হয়েছে। অনেক কষ্ট করে বাড়ি তৈরি করলেও এখনও ছাদ দিতে পারিনি। নরেশ শর্মা বলেন, কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখিয়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছে। বাবুলাল চৌধুরীর দাবি,পুলিশের ভয় দেখিয়ে আমার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়। ঋণ করে সেই টাকা দিয়েছিলাম। এখনও বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারিনি। একই ধরনের অভিযোগ করেছেন সন্ধ্যা শর্মা-সহ আরও কয়েকজন বাসিন্দা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য উপেন যাদব বলেন,টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ টাকা দিয়েছে, তার কোনও প্রমাণ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
