
2026-06-20 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 12
মালদা :- জেলার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে উদযাপিত অরণ্যষষ্ঠী ব্রত: সন্তান ও জামাইয়ের মঙ্গল কামনায় ব্রতী মহিলারা গাজোল, ২০ জুন: প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মালদহের বিভিন্ন প্রান্তে উদযাপিত হলো ঐতিহ্যবাহী জামাইষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠী ব্রত। সকাল থেকেই হিন্দু মহিলারা স্থানীয় প্রাচীন বটবৃক্ষের তলায় সমবেত হন। বিশেষত বটগাছের নিচে পুজো দিতে ভিড় জমান বহু মহিলা। ছেলে, মেয়ে, পুত্রবধূ এবং জামাইয়ের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় তাঁরা এই বিশেষ লৌকিক পুজোয় অংশ নেন।বাঙালি লোকসংস্কৃতির অঙ্গ হিসেবে মা ষষ্ঠীর পুজোয় প্রকৃতির এক নিবিড় সংযোগ লক্ষ্য করা যায়, যার কারণে এই উৎসব 'অরণ্য ষষ্ঠী' নামেও পরিচিত। এদিনের পুজোয় দেবী ষষ্ঠীর প্রধান ভোগ হিসেবে নিবেদন করা হয় আম, দুধ এবং দই। ব্রতী মহিলারা বাঁশের পাতা, নতুন হাতপাখা এবং হরেক রকমের মরশুমি ফল দিয়ে একটি পূর্ণাঙ্গ পুজোর ডালা সাজিয়ে দেবীর চরণে অর্পণ করেন।পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে উপস্থিত মহিলারা সমবেতভাবে অঞ্জলি প্রদান করেন এবং পরম ভক্তিভরে মা ষষ্ঠীর মাহাত্ম্যজ্ঞাপক ব্রতকথা শ্রবণ করেন। মূল পুজোর পর মহিলারা বটবৃক্ষের মূলে আম, দুধ ও দই ঢেলে বিশেষ অর্চনা সারেন এবং গাছের ডালে পবিত্র সুতো বেঁধে দেন। এরপর মা ষষ্ঠীর আশীর্বাদী সেই হলুদ মাখানো সুতো পরম স্নেহে সন্তান ও জামাইদের হাতে পরিয়ে দিয়ে দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। সবশেষে পুজোর ফলমূল ও মিষ্টি প্রসাদ গ্রহণের মাধ্যমে তাঁরা সারাদিনের নির্জলা উপবাস বা ব্রত ভঙ্গ করেন। সমগ্র গাজোল জুড়ে এই উৎসবকে কেন্দ্র করে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
