
2026-07-06 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 323
সরকারি প্রকল্পের টাকায় তৃণমূলের প্রধানের বাড়িতে ফার্মহাউস ! প্রধানের ছেলে ঠিকাদার,স্বজনপোষণের অভিযোগে চাঞ্চল্য মালদার মালিওর–১ পঞ্চায়েত, প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মালিওরে মালদা: পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর–১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মৎ সেতারা খাতুন এবং তাঁর স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছেও। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার একাংশ বাসিন্দা। একই দাবিতে সরব হয়েছে বিজেপিও। অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থ আত্মসাৎ করে প্রধান নিজের বাড়িতে একটি বিলাসবহুল ফার্মহাউস নির্মাণ করেছেন। এছাড়াও ১০০ দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প, রাস্তা নির্মাণ, কমিউনিটি টয়লেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিটি হল-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। তাঁদের আরও দাবি, প্রধানের ছেলে ফিরোজ খানের নামে থাকা ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে অধিকাংশ প্রকল্পের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্বজনপোষণ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সরিফুল ইসলাম, মাসুদ আলম ও সফিকুল ইসলামের অভিযোগ, ১০০ দিনের কাজের প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৭০ লক্ষ টাকা প্রধানের ছেলের একাউন্টে ঢুকেছে। তাঁদের আরও দাবি, প্রধান একজন মহিলা হলেও বাস্তবে পঞ্চায়েতের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন তাঁর স্বামী আব্দুর রহমান। এমনকি প্রধানের স্বাক্ষর জাল করে বিভিন্ন আর্থিক লেনদেনও করা হয়েছে বলে অভিযোগ। সরকারি প্রকল্পের অর্থ ব্যবহার করে প্রধানের বাড়িতে বিলাসবহুল ফার্মহাউস নির্মাণ করা হয়েছে বলেও তাঁরা দাবি করেন। অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল সরকারের আমলেও একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং প্রয়োজনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। তবে প্রধান মোসাম্মৎ সেতারা খাতুন ও তাঁর স্বামী আব্দুর রহমান সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
