
2026-07-09 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 355
মালদা: গাজোলের শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জীবনপুর এলাকায় সরকারি জমি দখলমুক্ত করার দাবিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের বুথ সহ-সভাপতি চন্দন রায় গুরুতর জখম হয়েছেন। মাথায় হাসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদা মেডিকেল কলেজ হসপিটাল রেফার করা হয়। অভিযোগ, জীবনপুর এলাকায় প্রায় ৬০ বিঘা সরকারি জমি দীর্ঘদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে রেখেছে। স্থানীয় বাসিন্দারা জমি দখলমুক্ত করার দাবিতে - গাজোল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে দপ্তরের দুই রাজস্ব আধিকারিক (আরআই) জমি পরিদর্শনে গেলে তাঁদের কাজে বাধা দেওয়া হয় বলে দাবি। বিজেপির অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে জীবনপুর বুথের বিজেপির বুথ সহ-সভাপতি চন্দন রায়ের উপর হামলা চালানো হয়। তাঁকে হাসুয়া দিয়ে মাথায় কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজোল- থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখছে।
