
2026-07-16 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 423
মালদা : ৯ বছরের উপর কনভোকেশন হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। যার ফলে লাখ লাখ পাশ পড়ুয়ারা পড়েছেন চরম সমস্যায়। অরিজিনাল সাটিফিকেট হাতে না পাওয়ায় চাকরি ক্ষেত্রে হোক অথবা অন্য কোথাও ফর্ম ফিলাপ করতে পারছে না। প্রভিশনাল সার্টিফিকেট নিতে গিয়ে মোটা টাকা দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যা নিয়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। সোমবার থেকে শুরু হয়েছে পাশ করা পড়ুয়াদের বিক্ষোভ। মঙ্গলবার সেই বিক্ষোভকে রীতিমতো পুলিশ ডেকে সামাল দিতে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কারন রাজ্য সরকারের 'যুবশক্তি ভরসা কার্ড' প্রকল্পে আবেদন করতে ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে প্রভিশনাল সার্টিফিকেট সংগ্রহে হাজার হাজার পড়ুয়ার ভিড় হয়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু স্নাতক পড়ুয়ারা অভিযোগ করেন, ২০১৭ সালের পর আর সমাবর্তন না হওয়ায় স্থায়ী ডিগ্রি সার্টিফিকেট পাননি। ফলে ৫০০ টাকা দিয়ে বারবার প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হচ্ছে। কেন এত বেশি টাকা নেওয়া হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার এ বিষয়ে মন্তব্য করতে চাননি । তাঁর সাফ কথা বক্তব্য না দেওয়ার নির্দেশ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির সদস্য অধ্যাপক সনাতন দাস বলেন, সমাবর্তন দ্রুত আয়োজন করে সমস্যার সমাধান করা জরুরি, না হলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। উপাচার্য আশিস ভট্টাচার্য জানান, পড়ুয়াদের সুবিধার জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা করা হচ্ছে এবং সমাবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে। গত নয় বছরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচ লক্ষেরও বেশি স্নাতক স্থায়ী সার্টিফিকেট থেকে বঞ্চিত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সনাতন দাস। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলোকে ঘিরে অতীতের মতন ছাত্র আন্দোলনে উত্তাল না হয়ে ওঠে তা নিয়ে চিন্তিত মালদা জেলা প্রশাসন।
