
2026-11-16 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 43
মালদহের জেলাশাসকের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ পত্র চিকিৎসক সংগঠনের। জেলাশাসকের নির্দেশিকায় ক্ষোভ।মেডিকেল কলেজে অগণতান্ত্রিক হস্তক্ষেপের অভিযোগ জেলাশাসকের বিরুদ্ধে। মন্তব্যে নারাজ ডিএম। মালদহ: মালদহের জেলাশাসকের নির্দেশিকায় প্রতিবাদ জানিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকরা। মালদহের জেলাশাসক মেডিকেল কলেজ ও হাসপাতালে অগণতান্ত্রিক এবং অবৈজ্ঞানিক প্রশাসনিক হস্তক্ষেপ করছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে দাবি করেছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। যদিও চিকিৎসার সংগঠনের অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর। বিরোধের সূত্রপাত গত ১৩ নভেম্বর মালদহের জেলাশাসকের জারি করা এক নির্দেশিকাকে কেন্দ্র করে। যে নির্দেশিকায় মালদহের চারজন ডাবলু বিসিএস আধিকারিক এবং অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য)কে নিয়মিত মালদা মেডিকেল কলেজ পরিদর্শনের নির্দেশ দেন জেলাশাসক। চারজন ডব্লিউবিসিএস আধিকারিক তথা ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট দিনে সকালে এবং সন্ধ্যায় মেডিকেল কলেজ পরিদর্শন, সেখানকার প্রশাসনিক ব্যবস্থা দেখভাল এবং কোনওরকম অনিয়ম নজরে এলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত জেলাশাসকের নজরে আনার নির্দেশ দিয়েছেন। কোনওডেপুটি ম্যাজিস্ট্রেট সপ্তাহের কোন দিন মেডিকেল কলেজ নজরদারি করবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জেলা শাসকের নির্দেশিকায়। শুধু তাই নয়, সপ্তাহে একদিন করে অতিরিক্ত জেলাশাসক মেডিকেল কলেজ পরিদর্শন করবেন বলেও জেলাশাসকের নির্দেশিকায় বলা হয়েছে। জেলাশাসকের এই নির্দেশিকাতেই ক্ষোভ চিকিৎসক সংগঠনের। তাঁদের পাল্টা দাবি , মালদা মেডিকেল কলেজে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পদ শূণ্য পড়ে রয়েছে। পরিকাঠামোর মান যথেষ্ট নয়। এইসব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান না করে জেলাশাসক যেভাবে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক কাজকর্ম দেখভালের জন্য নির্দেশ দিয়েছেন তা স্বৈরতন্ত্রের সামিল। জেলাশাসক নিজের হাতে মেডিকেল কলেজের কর্তৃত্ব এবং প্রশাসনিক দায়িত্ব নিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। তাঁদের আরও দাবি, স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উঁচুদরের সুপার স্পেশালিস্ট পরিষেবা। সেই কারণে এখানকার প্রশাসনিক দায়িত্ব নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন চিকিৎসকদের ওপরেই দেওয়া উচিত। এই ধরনের নির্দেশিকা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলেও মত চিকিৎসকদের। অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো অভিযোগ পত্রে। একইসঙ্গে মালদা মেডিকেল কলেজের শূন্য পদ পূরণের দাবিও করা হয়েছে। উল্লেখ্য, মালদা মেডিকেল কলেজে সম্পত্তি বেশকিছু বিষয়ে অভিযোগ প্রকাশ্যে আসে। হাসপাতালের সাফাই ব্যবস্থা, রোগীর পরিবারকে মারধর, সন্তান সম্ভবা প্রসূতিকে ফেরত পাঠানোর পর হাসপাতাল চত্বরেই বিশ্রামাগারে সন্তান প্রসব এমন বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। দুইদিন আগেও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী। এরপর জেলাশাসকের সরাসরি নির্দেশিকা জারি নিয়ে হইচই শুরু হয়েছে। জেলাশাসক অবশ্য এই নির্দেশিকার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এই বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের রুগী কল্যাণ সমিতির সদস্য অম্লান ভাদুড়ী বলেন, মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবা সহ নানান বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে জেলাশাসক একটা ব্যবস্থাপনার কথা ভেবেছেন। ডব্লুউবিসিএস অফিসারদের দিয়ে হাসপাতালে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ডাক্তারদের উপর এইভাবে নজরদারি করা হয়তো ঠিক নয়। তাই জেলাশাসকের কাছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানিয়েছেন।
