
2026-04-05 | পশ্চিমবঙ্গ,রাজনীতি ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 1445
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ইসলামপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মানিক দত্ত। রবিবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।তার সাথে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। দলে যোগ দেওয়ার পর মানিক দত্ত জানান, পুনরায় ঘরে ফিরতে পেরে তিনি খুবই খুশি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের জন্য কাজ করতে চান। অন্যদিকে এই বিষয়ে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় বলেন, মানিক দত্ত কী কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তা তিনি জানেন। তবে সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে বিজেপি দলের কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি। নির্বাচনের মুখে এই দলবদলকে ঘিরে ইসলামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।