Saturday 19 September







কালিয়াচক চৌরঙ্গীর যানজট, জঞ্জাল ও অব্যবস্থার বিরুদ্ধে প্রশাসনিক বৈঠক উদ্যোগে বিজেপি নেতা অভিজিৎ রজক, উপস্থিত বিভিন্ন দফতরের আধিকারিকরা

2026-05-13 | খবর,Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 426


মালদার কালিয়াচক চৌরঙ্গী দীর্ঘদিন ধরেই যানজট, অবৈধ দখল, নোংরা আবর্জনা এবং অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার সমস্যায় জর্জরিত। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত ও জনবহুল ব্যবসায়িক এলাকা হওয়া সত্ত্বেও প্রতিদিন সাধারণ মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে বুধবার কালিয়াচক থানায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করেন বিজেপি নেতা Abhijit Rajak। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনএইচআই-এর আধিকারিক, আরটিও দফতরের প্রতিনিধি, ট্রাফিক পুলিশের আধিকারিক, টোটো ইউনিয়নের সদস্য, ব্লক প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। মূলত কালিয়াচক চৌরঙ্গী ও জাতীয় সড়ক সংলগ্ন এলাকার যানজট, ফুটপাত দখল, আবর্জনা সমস্যা, ড্রেন পরিষ্কার এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করার উদ্দেশ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজেপি নেতা অভিজিৎ রজক জানান, “দীর্ঘদিন ধরেই কালিয়াচকের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। বিশেষ করে জাতীয় সড়কে টোটোর অবাধ চলাচল এবং অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে জাতীয় সড়কে টোটো চলাচল করতে পারবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই নির্দেশ অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। ফলে সকাল থেকে রাত পর্যন্ত কালিয়াচক চৌরঙ্গীতে তীব্র যানজট তৈরি হচ্ছে।” তিনি আরও বলেন, “শুধু যানজট নয়, কালিয়াচকের আরেকটি বড় সমস্যা হল নোংরা আবর্জনা। জাতীয় সড়কের গার্ডওয়ালের পাশে প্রতিদিন আবর্জনার স্তূপ জমছে। এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তেমনই দুর্গন্ধে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বাজার এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন না থাকা এবং নিয়মিত পরিষ্কারের অভাবেও সমস্যা বাড়ছে।” অভিজিৎ রজকের বক্তব্য অনুযায়ী, কালিয়াচক চৌরঙ্গীর চারপাশের ড্রেনগুলির অবস্থাও অত্যন্ত খারাপ। বহু জায়গায় ড্রেন আবর্জনায় ভরে গিয়ে জলনিকাশির পথ বন্ধ হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই নোংরা জল রাস্তায় উঠে আসছে। এতে পথচারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দোকানের সামনেও নোংরা জল জমে থাকছে, যার ফলে ব্যবসায়িক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈঠকে উপস্থিত বিভিন্ন দফতরের আধিকারিকদের সামনে এই সমস্ত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরেন তিনি। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত অবৈধ দখল উচ্ছেদের জন্য পদক্ষেপ নেওয়া হবে। টোটো ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড তৈরির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করতে পুলিশের পক্ষ থেকেও কিছু বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যানজট কমাতে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েনের কথাও উঠে আসে। এছাড়াও কালিয়াচকের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় পর্যাপ্ত সুলভ শৌচালয় না থাকায় সাধারণ মানুষ বিশেষ সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ ওঠে। বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হলেও পরিষ্কার-পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের অভাব রয়েছে। এই বিষয়েও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কালিয়াচক চৌরঙ্গী এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। রাস্তার পাশে জমে থাকা আবর্জনা সরানো, ড্রেন পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিয়ন্ত্রণে একযোগে কাজ করবে প্রশাসনের বিভিন্ন দফতর। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিজিৎ রজক বলেন, “কালিয়াচক উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয়। অথচ এত গুরুত্বপূর্ণ এলাকায় যদি এই ধরনের অব্যবস্থা চলতে থাকে, তাহলে এলাকার ভাবমূর্তি নষ্ট হবে। আমরা চাই প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে এগিয়ে এসে কালিয়াচককে একটি পরিষ্কার, সুন্দর এবং যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলুক।” তিনি আরও জানান, “আজকের বৈঠক শুধুমাত্র আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। কাল থেকেই বিভিন্ন কাজ শুরু হয়ে যাবে। প্রশাসনের বিভিন্ন দফতর ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত সাধারণ মানুষ এর সুফল পাবেন।” স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কালিয়াচকের সমস্যাগুলি নিয়ে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। এবার প্রশাসন এবং বিভিন্ন দফতর একসঙ্গে বসে আলোচনা করায় সমস্যার সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। এলাকাবাসীর আশা, শুধুমাত্র বৈঠকেই বিষয়টি সীমাবদ্ধ না থেকে বাস্তবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কারণ কালিয়াচকের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট, নোংরা আবর্জনা এবং অবৈধ দখলের সমস্যা শুধু সাধারণ মানুষের ভোগান্তিই বাড়াচ্ছে না, ব্যবসা-বাণিজ্য এবং এলাকার সামগ্রিক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করছে।



ইংরেজবাজার পৌরসভার বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ইস্তফাপত্র গ্রহণ করা হলো বিওসি মিটিংয়ে।

মালদা, ১৯ সেপ্টেম্বর : ইংরেজবাজার পৌরসভার বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ইস্তফাপত্র গ্রহণ করা হলো বিওসি মিটিংয়ে। শনিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ২৩ জন কাউন্সিলর। তাঁদের উপস্থিতিতেই চেয়ারম্যান পদ থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ইস্তফাপত্র গ্রহণ করা হয়। একইসঙ্গে পৌরসভার অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে গত ৯ সেপ্টেম্বর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিনের বিওসি মিটিংয়ে দুই বিজেপি কাউন্সিলরও উপস্থিত ছিলেন।এই বিষয়ে ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। শনিবার কাউন্সিলরদের উপস্থিতিতে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নতুন চেয়ারম্যানের নাম প্রস্তাব করা হবে।বিজেপি কাউন্সিলর কৃষ্ণা নাথ জানান, নতুন চেয়ারম্যান নিয়ে দল যে সিদ্ধান্ত নেবে, তাঁরা সেই সিদ্ধান্ত মেনেই কাজ করবেন।

ভূতনির বানভাসিদের ত্রাণ শিবির পরিদর্শনে মন্ত্রী-সাংসদ ও আধিকারিকরা

মালদা: ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ভূতনির বানভাসি মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ ও প্রশাসনিক আধিকারিকরা। শনিবার মানিকচকের মথুরাপুর মডেল হাইস্কুলে গড়ে ওঠা রাজ্য সরকারের ত্রাণ শিবির পরিদর্শন করেন মন্ত্রী শংকর ঘোষের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। রাজ্য সরকারের নির্দেশে মালদার রতুয়া ও ভূতনির বন্যা ও ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রতিনিধি দলটি জেলায় এসেছে। শনিবার সকাল থেকে রতুয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর মথুরাপুরে এসে ত্রাণ শিবিরের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। এই ত্রাণ শিবিরে ভূতনির বিভিন্ন বন্যাকবলিত এলাকা থেকে বাড়িঘর ছেড়ে কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছেন। তাঁদের থাকা, খাওয়া-দাওয়া সহ প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। পরিদর্শনের সময় মন্ত্রীরা আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাঁরা সঠিকভাবে খাবার, পানীয় জল, চিকিৎসা ও অন্যান্য পরিষেবা পাচ্ছেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের হাতে রাজ্য সরকারের তরফে বিভিন্ন খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্গতদের সমস্যাগুলি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা।

পুজোর মুখে মানবিক উদ্যোগ নিলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।

মালদা: পুজোর মুখে মানবিক উদ্যোগ নিলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি। ফুটপাথ থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাদের পুজো পর্যন্ত ব্যবসা করার জন্য অনুমতি দেয়।সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য মালদা শহরের ফোয়াড়া মোড়-সহ সংলগ্ন এলাকার ফুটপাথ থেকে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। এর ফলে পুজোর মুখে সমস্যায় পড়েন বহু ফুটপাথ ব্যবসায়ী। শনিবার তাদের আবেদনে সাড়া দিয়ে ব্যবসায়ীদের নিয়ে ফোয়াড়া মোড় ও আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক অম্লান ভাদুড়ি।পরিদর্শনের সময় ফুটপাথ ব্যবসায়ীরা কোথায় এবং কীভাবে তাদের ব্যবসা করতে পারবেন, সেই বিষয়ে নিয়ে বিধায়ক আলোচনা করেন। সাধারণ মানুষের চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও যাতে পুজোর মরশুমে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই জায়গা নির্ধারণের কথা জানান।বিধায়কের এই উদ্যোগে খুশি ফুটপাথ ব্যবসায়ীরা। তারা অম্লান ভাদুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নামে জয়ধ্বনি দেন।এই বিষয়ে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি জানান সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য প্রশাসন ফুটপাথ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে। এতে পুজোর মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে পুজো পর্যন্ত ফুটপাথের একাংশে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। পুজোর পর ফুটপাথ ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসনের জন্য বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভুতনি ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ এক প্রতিনিধি দল।

মালদা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভুতনি ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ এক প্রতিনিধি দল। সাম্প্রতিক বন্যায় ভুতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। যদিও বর্তমানে ভুতনির কিছু অংশে জল সামান্য কমতে শুরু করেছে, তাও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। বানভাসি মানুষদের বর্তমান অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে এবং ত্রাণ বণ্টন প্রক্রিয়া সচল রয়েছে কিনা তা যাচাই করতেই মন্ত্রীদের এই সফর। ত্রাণ ও উদ্ধারকাজে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই বিষয়ে মন্ত্রীদের দল সরাসরি স্থানীয় দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। উল্লেখ্য, ভুতনির এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের পাঠিয়ে আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করিয়েছেন এবং দুর্গতদের সহায়তার জন্য ত্রাণ তহবিলে আরও ৫ কোটি টাকা আর্থিক বরাদ্দ করেছেন।

ভূতনির বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে ভূতনির সেতু এলাকায় পরিদর্শনে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা।

ভূতনির বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে ভূতনির সেতু এলাকায় পরিদর্শনে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলাশাসক পুলিশ সুপার সহ বিধায়ক ও অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ স্বাস্থ্যপরিসেবা নৌকা ব্যবস্থা পুলিশ প্রশাসন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন সরজমিনে জেলা শাসক। কথা বললেন সমস্ত দপ্তরের আধিকারিকদের সাথে। পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে এখন পর্যন্ত সরকারিভাবে ভুতনি বানভাসী মানুষের জন্য কি কি ব্যবস্থা করেছে সরকার তার খতিয়ান তুলে ধরেন। দ্রুত ভুতনির বেশ কিছু গ্রামে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানাই জেলা শাসক।

নানান কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন

বৃহস্পতিবার সন্ধ্যায় নানা জনমুখী প্রকল্পের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী মন্ডল চার এর উদ্যোগে পালন করা হলো পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত ভবনে। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন দলীয় কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, উপপ্রধান চিত্তরঞ্জন সরকার, পুরাতন মালদার পঞ্চায়েত সমিতর বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার,জেলা পরিষদ সদস্য জোসনা সরকার -সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি তাঁর জন্মদিন উপলক্ষে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ইংরেজ বাজার পৌরসভার পদত্যাগী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন পালন করলেন।

মালদা: ইংরেজ বাজার পৌরসভার পদত্যাগী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন পালন করলেন। গেরুয়া রঙের কেক গেরুয়া রঙের নরম পানীয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে ইংরেজ বাজার পৌরসভার সভাকক্ষে পৌরসভার সমস্ত কাউন্সিলর কর্মচারীদের নিয়ে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করা হয়। উল্লেখ্য গত সাতদিন আগে ইংরেজ বাজার পৌরসভা থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পদত্যাগ করেন। দলবদলের হাওয়াতে মালদহ শহরে গুঞ্জন যে কৃষ্ণেন্দু মনে হয় শাসক দলে ঢুকে পরবেন। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব সবুজ সংঙ্কেত না দেওয়াতে এখন পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই কৃষ্ণেন্দুর। এর মধ্যেই প্রধান মন্ত্রীর জন্মদিন পালন তাও আবার গেরুয়া কেক গেরুয়া নরম পানীয় আলাদা তাৎপর্যময়। গেরুয়া রঙের কেক নিয়ে প্রশ্ন করাতে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, গেরুয়া বলে কোনো বিষয় না,আমার কাছে সমস্ত রং সমান।

জলের মাঝে মানবিকতার হাত, তরুণদের উদ্যোগে ভূতনিতে ৫০০ মানুষের মুখে খাবার

নাজমুস সাহাদাত, মানিকচক: চারদিকে থইথই জল। কোথাও উঠোন ডুবে গিয়েছে, কোথাও ঘরের দরজা পর্যন্ত জল। যোগাযোগের পথ বিচ্ছিন্ন হয়ে বহু পরিবার কার্যত জলবন্দি। বন্যার এমন কঠিন পরিস্থিতিতে যখন খাবার ও পানীয় জলের জন্য সমস্যায় পড়েছেন ভূতনির বহু মানুষ, তখন দূর এলাকা থেকে খাবার নিয়ে ছুটে এলেন একদল তরুণ। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রায় ৫০০ মানুষের হাতে খাবার তুলে দিলেন তাঁরা। সামসি ও ভাদু এলাকা থেকে খাবার নিয়ে ভূতনির বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকায় পৌঁছে যান রিজওয়ান, মতিউল্লাহ, জোবায়ের আহমাদ, আসফাক হোসেন, আসিফ কারিম, তোফায়েল আহমেদ-সহ কয়েকজন যুবক। বন্যার জলে আটকে থাকা মানুষের কাছে পৌঁছে খাবার তুলে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, মানুষের এই দুর্দিনে পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। উদ্যোগী যুবকদের কথায়, ‘‘আমরা সামসি এবং ভাদু এলাকা থেকে ভূতনির বন্যাকবলিত এলাকায় খাবার নিয়ে এসেছি। বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য।’’ তাঁদের দাবি, এদিন প্রায় ৫০০ মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। বন্যার জেরে ভূতনির বহু পরিবারের ঘরবাড়ি, চাষের জমি এবং জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা এলেই বন্যার আতঙ্কে দিন কাটাতে হয় বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। জল বাড়লে খাবার, পানীয় জল, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তবে ত্রাণ বিতরণ করেই থামতে চান না এই তরুণেরা। তাঁদের দাবি, প্রতিবছর বন্যার সময় ত্রাণ দেওয়ার পাশাপাশি ভূতনির বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। নদীভাঙন রোধ, বাঁধের সুরক্ষা, জলনিকাশি ব্যবস্থা এবং বন্যা মোকাবিলায় কার্যকর পরিকাঠামো তৈরির দাবি জানিয়েছেন তাঁরা। তরুণদের প্রশ্ন, বছরের পর বছর ধরে বন্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে ভূতনির মানুষকে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও এই এলাকার বন্যা সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তাঁদের দাবি। বিধানসভা ও লোকসভায় ভূতনির বন্যা ও নদীভাঙনের সমস্যা আরও জোরালোভাবে তুলে ধরার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের আরও বক্তব্য, মানুষের মৌলিক সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। খাবার, পানীয় জল, বাসস্থান, চিকিৎসা ও জীবিকার মতো বিষয়গুলি নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই এখন জরুরি। বন্যার সময় সাময়িক ত্রাণের পাশাপাশি ভবিষ্যতে যাতে একই সমস্যার পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। তরুণদের কথায়, ‘‘ভূতনির মানুষও স্বাভাবিকভাবে বাঁচতে চান। তাঁদেরও স্বপ্ন রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন রয়েছে। বছরের পর বছর বন্যার জলে সেই স্বপ্ন ভেসে যেতে পারে না।’’ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছেও ভূতনির বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, দুর্যোগের সময় ত্রাণের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে তবেই ভূতনির মানুষের দুর্ভোগ কমবে। বন্যার জলে যখন অসহায় বহু পরিবার, তখন নিজেদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়িয়ে খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগে মানবিকতার বার্তাই সামনে এসেছে। রিজওয়ান, মতিউল্লাহ, জোবায়ের আহমাদ, আসফাক হোসেন, আসিফ কারিম, তোফায়েল আহমেদ-সহ তরুণদের বক্তব্য, ‘‘দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য।’’

বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

মালদা: বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সমস্ত বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান। জানা গিয়েছে, এদিন সকালে সইদুর রহমান নিচের ঘর থেকে উপরের তলার শৌচালয়ে যান। সেই সময় তাঁর স্ত্রী হাসনা বানু এবং মেয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ঢুকে তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার গয়না নেই। অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতীরা ঘরে ঢুকে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, আলমারি বা ঘরের কোনও জিনিসপত্র ভাঙচুর করা হয়নি। নির্দিষ্ট জায়গায় রাখা টাকা ও গয়না অনায়াসেই নিয়ে যাওয়া হয়েছে। তাই তাঁদের সন্দেহ, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনায় আতঙ্কিত পরিবার থানায় অভিযোগ জানিয়েছেন।

গ্রেপ্তার ১৬ জন বাংলাদেশী নাগরিক। যাদের মধ্যে একজন পুরুষ ও ১৫জন মহিলা।

মালদা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হওয়া ১৬ জন বাংলাদেশী নাগরিককে আজ মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে করে এই বাংলাদেশি নাগরিকদের প্রথমে মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। এরপর পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হয় মালদার হোল্ডিং সেন্টারে। পুলিশ সূত্রে খবর ১৬ জন বাংলাদেশিরর মধ্যে দশ জনকে ধরা হয়েছে রাজস্থান থেকে, কেরালা থেকে তিনজন তেলেঙ্গানা থেকে দুজন ও মহারাষ্ট্র থেকে একজনকে গ্রেপ্তার করে সেই সব রাজ্যের পুলিশ। এরপর তাদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়। এই ১৬ জন বাংলাদেশির মধ্যে ১৫ জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়। মালদা দিয়ে পুশব্যাক করা হবে সূত্রে জানা যায়।



Ads







অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 157623