
2026-05-14 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 346
বুধবার সন্ধার মুচিয়া অঞ্চলের ডাহুক ঘাটে টাঙ্গন নদীতে ধান বোঝাই নৌকা ডুবে দুই ধান কাটার শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য শোকের ছায়া। বুধবার সন্ধ্যায় জমির মালিকের ধান নৌকায় করে নদীর ওপারে নিয়ে যাওয়ার সময় আচমকাই নৌকাটি নদীতে তলিয়ে যায়। ঘটনায় চারজন শ্রমিক নদীতে পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই যুবক শ্রমিক। নিখোঁজ শ্রমিকদের নাম জাহাঙ্গীর মিয়া (২৪) ও জাকির মিয়া (২৩)। দুজনেরই বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার চোরি অনন্তপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ১৩ জনের একটি দল মুচিয়া এলাকায় ধান কাটার কাজে এসেছিলেন। কাজের ফাঁকে ধান নদীর ওপারে নিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ও মালদা থানার পুলিশ পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ডুবুরি নামিয়ে নদীতে দীর্ঘক্ষণ অনুসন্ধান চালানো হলেও খবর লেখা পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।